কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে (এলজিইডি) তীব্র জনবলসঙ্কট দেখা দিয়েছে। ২১টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১০ জন। গুরুত্বপূর্ণ ১১টি পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমসহ উন্নয়ন প্রকল্পের তদারকি ও বাস্তবায়ন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কার্যালয় সূত্রে জানা গেছে, চারজন উপসহকারী প্রকৌশলীর স্থলে আছেন মাত্র একজন। এ ছাড়া সার্ভেয়ার, কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক ও কমিউনিটি অর্গানাইজারের মতো গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন ধরে খালি। পাঁচজন কার্যসহকারীর স্থলে আছেন মাত্র দুইজন। এমনকি অফিস সহায়ক ও নিরাপত্তাকর্মীও নেই। এর মধ্যে উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের মুজাহিদের বদলির আদেশ হওয়ায় কার্যক্রম স্থবির হয়ে পড়ার উপক্রম হয়েছে।
জনবল সঙ্কটের কারণে গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণকাজের নিয়মিত মাঠ তদারকি করা সম্ভব হচ্ছে না। এতে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছে। ঠিকাদারদের বিল নিষ্পত্তি ও সাধারণ সেবাপ্রত্যাশীদের ফাইল অনুমোদনে দীর্ঘসূত্রতা দেখা দিচ্ছে। ঠিকাদাররা জানান, লোকবলের অভাবে কাজ ও বিল ঝুলে থাকায় ক্ষতির মুখে পড়ছেন তারা।
উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের মুজাহিদ বলেন, জনবল সঙ্কটের বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লক্ষ্মীপুর জেলা নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, অধিদফতরকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস পাওয়া গেছে। বর্তমানে অর্ধেক জনবল দিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দফতরের কার্যক্রম।



