বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বহুমুখী পণ্য উৎপাদনে আরো একটি গুরুত্বপূর্ণ বিদেশী বিনিয়োগ নিশ্চিত করেছে। ২৪.০৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে তাবু ও ক্যাম্পিং সামগ্রী, গার্মেন্ট অ্যাক্সেসরিজ এবং ব্যাগ ও লাগেজ উৎপাদনের লক্ষ্যে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান পিএইচ ক্রিয়েটিভ (বিডি) লিমিটেড বেপজার সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। গতকাল ঢাকার বেপজা কমপ্লেক্সে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান পিএইচ ক্রিয়েটিভ (বিডি) লিমিটেডের পক্ষের চেয়ারম্যান জিন হো বে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। এ ছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো: খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



