প্রবাসীদের নিরাপত্তায় পদক্ষেপ নেয়ার আহ্বান জামায়াতের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশী ব্যবসায়ীকে গুলি করে হত্যা, বিনা বিচারে পিটিয়ে হত্যাসহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় নাগরিকদের অনাকাক্সিক্ষত মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বর্তমান সভ্য সমাজে এমন হত্যাকাণ্ড এবং দুর্ঘটনায় মৃত্যুগুলো অত্যন্ত হৃদয়বিদারক, ন্যক্কারজনক ও মানবতাবিরোধী। এই বর্বরোচিত হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। দুর্ঘটনায় নাগরিকদের অনাকাক্সিক্ষত মৃত্যু এবং প্রবাসীসহ দেশের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দক্ষিণ আফ্রিকায় নিহত বাংলাদেশীর পরিবারকে সার্বিক সহায়তা প্রদান ও ঘাতককে শাস্তির আওতায় এনে শাস্তি নিশ্চিত করাসহ অন্য প্রবাসীদের নিরাপত্তা জোরদারে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কূটনৈতিক পদক্ষেপ নেয়া প্রয়োজন। গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, দক্ষিণ আফ্রিকায় গত শনিবার এক বাংলাদেশী ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালকের মৃত্যু, গাজীপুরে বিনা বিচারে তিনজনকে পিটিয়ে হত্যা এবং ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দু’জনের অনাকাক্সিক্ষত মৃত্যু হয়েছে। অপর দিকে গত শনিবার রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে পাঁচজনকে গলাকেটে হত্যা, খুলনায় বটিয়াঘাটায় যুবককে কুপিয়ে হত্যা, শেরপুরের নালিতাবাড়ীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার শুকনাছড়া জোড়া ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নাগরিকের নিহত হওয়া এবং পাবনার চাটমোহরে চুরির অপবাদে মারধর ও খুঁটিতে বেঁধে নির্যাতনের অপমান ও ক্ষোভে কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।