আই২৪ নিউজ
যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সংযুক্ত আরব আমিরাত সফরের তথ্য ফাঁস হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আমিরাত। বিষয়টি নিয়ে ইসরাইলের কাছে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে দেশটি।
গতকাল শুক্রবার ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪ নিউজের খবরে বলা হয়, নেতানিয়াহুর দফতর থেকেই সফরের তথ্য প্রকাশ পাওয়ায় তা ভালোভাবে নেয়নি আমিরাত সরকার। আই২৪ নিউজকে দেয়া এক সূত্রের বরাতে বলা হয়েছে, আমিরাতের কর্মকর্তারা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের ভাষ্য, গোপন কূটনৈতিক তথ্যফাঁসের যে প্রবণতা নেতানিয়াহুর দফতরে রয়েছে, এটি তারই ধারাবাহিকতা।
সূত্রটি আরো জানায়, গোপন কূটনৈতিক বিষয় প্রকাশ হওয়ার আশঙ্কায় আমিরাত কখনো আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুকে সফরের আমন্ত্রণ জানায়নি। যদিও দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে নীরবে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রয়েছে। ২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরাইলের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত।



