শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি প্রতিষ্ঠার ২৫ বছর (রজতজয়ন্তী) পূর্তি উদযাপন করেছে। ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের সব শাখা ও উপ-শাখায় পবিত্র কুরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে দেশ ও জাতির বৃহৎ কল্যাণে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। পরবর্তীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়। একই দিনে ব্যাংকের নতুন ১২টি এসএমই বিনিয়োগ প্রডাক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি এবং পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ মো: সানাউল্লাহ সাহিদ, হারুন মিয়া, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো: তৌহীদুর রহমান, ফকির মনিরুজ্জামান, আবদুল হাকিম, স্বতন্ত্র পরিচালক জনাব মো: রিয়াজুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মোহাম্মদ মিজানুর রহমান মুনাজাত পরিচালনা করেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংক ২০০১ সালের ১০ মে থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে এবং দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ১৪২টি শাখা, পাঁচটি উপ-শাখা, প্রায়োরিটি ব্যাংকিং ইউনিট, অফশোর ব্যাংকিং ইউনিট, উল্লেখযোগ্য সংখ্যক এটিএম বুথ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উন্নত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। গত ৩০ এপ্রিল পর্যন্ত এই ব্যাংকের আমানতের মোট পরিমাণ প্রায় ৩১,০০০.০ (একত্রিশ হাজার) কোটি টাকা ও মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৩০,০০০.০০ (ত্রিশ হাজার) কোটি টাকা। ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের (ইসিআরএল) রেটিংয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ক্রেডিট রেটিং দীর্ঘ মেয়াদে ডাবল এ প্লাস (অঅ+) এবং স্বল্প মেয়াদে এসটি-১ (ঝঞ-১)। দেশের শীর্ষস্থানীয় আর্থিকভাবে শক্তিশালী ব্যাংকগুলোর মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক অন্যতম। বিজ্ঞপ্তি।



