হকিতে দুই বিভাগেই হার

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

জাপানের কাকামিকাঘাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপে বাংলাদেশ নারী দল ৬-০ গোলে হেরেছে চীনের কাছে। গাও জিয়াক্সিন দু’টি, লু টংটং, ফেং জিয়াক্সিন, ঝাং ইউঝেং ও ইউ ওয়াংজিং একটি করে গোল করেন। প্রথম তিন কোয়ার্টারে একটি করে গোল হজম করলেও শেষ কোয়ার্টারে তিনটি গোল হজম করে বাংলাদেশ। অন্য দিকে অনূর্ধ্ব ১৮ পুরুষ দল পাকিস্তানের কাছে ৫-২ গোলে পরাজিত হয়। বাংলাদেশের হয়ে দু’টি গোল করেন মুন্না ইসলাম। উভয় দল পঞ্চম এবং ষষ্ঠ স্থানের জন্য খেলবে।

জাতীয় দলের কোচ জাহিদ হোসেন রাজু জানান, ‘সমীকরণটা এমন ছিল পুরুষ দল পাকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারবে। ম্যাচ ড্র হলে গোল ব্যবধানের হিসাবে সেমিতে খেলার সুযোগ থাকবে না বাংলাদেশের। কারণ আগেই গোল ব্যবধানে এগিয়ে ছিল পাকিস্তান। আর বাংলাদেশ নারী দল সেমিফাইনালে খেলতে হলে চীনকে হারাতে হবে। যা প্রায় অসম্ভব ছিল। চীন নারী দল সারাবিশ্বে সুপরিচিত ভালো খেলা এবং ডমিনেট করার জন্য। তার পরও আমরা কম গোলে হেরেছি। শেষদিকে বলতে পারেন দমের ঘাটতি ছিল। চীনাদের সাথে লড়াই করেছে মেয়েরা। শেষ কোয়ার্টার বাদ দিলে প্রতি কোয়ার্টারে একটি করে গোল হজম করা তেমন বেশি নয়।’

নারী দল প্রথম ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ১২-০ গোলে হেরেছিল। পরের ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ২-০ গোলে জিতেছে। বালক দল মালয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছিল। পরের ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হেরেছে।