ক্রীড়া ডেস্ক
ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপে ফেরার পথটা হঠাৎ করেই বাস্তব মনে হচ্ছে নেইমার জুনিয়রের। চোট, ফিটনেস নিয়ে উদ্বেগ ও ব্রাজিলজুড়ে বিতর্ককে ঘিরে কেটেছে কয়েক মাসের অনিশ্চয়তা। এর পরও এই ফরোয়ার্ডকে বিশ্বকাপের প্রাথমিক দলে রেখেছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। ফিফার কাছে আজ যে তালিকা জমা দেবে ব্রাজিল, ৫৫ জনের সেই প্রাথমিক তালিকায় নেইমারকে অন্তর্ভুক্ত করার তথ্য জানিয়েছেন ‘ও গ্লোবো’ পত্রিকার সাংবাদিক দিওগো দান্তাস। নেইমারের অন্তর্ভুক্তিতে দেশের অন্যতম সেরা খেলোয়াড়ের আরো একটি বিশ্বকাপে খেলার আশা পুনরুজ্জীবিত হয়েছে। যদিও সান্তোসের এই আক্রমণভাগের খেলোয়াড় চূড়ান্ত দল নির্বাচন প্রক্রিয়ায় টিকবেন কি না- তা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে।
মাত্র কয়েক মাস আগেও বিশ্বকাপের স্কোয়াডে নেইমার থাকবেন কি না, তা ছিল অনিশ্চিত। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে পাওয়া গুরুতর এসিএল ইনজুরি থেকে সেরে উঠতে ব্রাজিলিয়ান এই তারকা দীর্ঘ সময় কাটিয়েছিলেন। অনেকেই মনে করেছিলেন, টুর্নামেন্টের আগেই হয়তো তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিরবে শেষ হয়ে যাবে। প্রাথমিক দলে জায়গা পাওয়ায় এখন সেলেকাও এই তারকাকে ঘিরে পরিবেশ নাটকীয়ভাবে বদলে গেছে।



