ডাম্পিং স্টেশন নির্মাণে অচলাবস্থা কাটানোর উদ্যোগ

Printed Edition

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে আটকে থাকা ডাম্পিং স্টেশন নির্মাণের জটিলতা নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর কর্তৃপ ও এলাকাবাসীর অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, দেশের ২৫টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেয়া হয়। এজন্য কয়েক বছর আগে ব্রাহ্মন্দী এলাকায় সাড়ে পাঁচ একর জমি বরাদ্দ দেয়া হলেও স্থানীয় কিছু ব্যক্তি জমি দখল করে রাখায় কাজ শুরু করা যায়নি। ফলে শহরের ময়লা-আবর্জনা যেখানে-তখানে ফেলতে হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।

অচলাবস্থা কাটাতে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহানদার আলী মিয়া, মাদারীপুর পৌরসভার প্রশাসক জেসমিন আক্তার বানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার।

সভায় বক্তারা বলেন, পরিবেশবান্ধব ডাম্পিং স্টেশনটি নির্মিত হলে মাদারীপুরের বর্জ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আসবে। প্রকল্প বাস্তবায়নে এলাকাবাসীর উদ্বেগ ও মতামত গুরুত্বের সাথে বিবেচনা করে আলোচনার মাধ্যমে দ্রুত এই দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।