শহীদ পরিবারের পাশে এনসিপি

ঈদেও ফিরল জুলাই আন্দোলনের স্মৃতি

Printed Edition

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত মতলব উত্তর উপজেলার সাত শহীদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের বাড়ি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। কবর জিয়ারত, পরিবারের সদস্যদের খোঁজখবর নেয়া এবং ঈদ উপহার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

গতকাল রোববার উপজেলার বিভিন্ন এলাকায় শহীদ দীন ইসলাম বেপারী, পারভেজ, আরিফ বেপারী রাজিব, নাইমা সুলতানা, মো: সোহেল, মো: সুজন খান ও মো: আলাউদ্দিনের বাড়িতে যান তারা। এ সময় শহীদদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং নগদ অর্থসহ ঈদ উপহার তুলে দেন।

স্বজন হারানোর বেদনা স্মরণ করে অনেক পরিবারের সদস্য আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, প্রিয়জন হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি। এনসিপির নেতারা তাদের সান্ত¡না দেন এবং শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, চাঁদপুর জেলা আহ্বায়ক মাহবুব আলম, কেন্দ্রীয় নারী শক্তির যুগ্ম সদস্যসচিব ইসরাত জাহান বিন্দুসহ স্থানীয় নেতারা।

চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম বলেন, জেলায় ৩১টি শহীদ পরিবারের মধ্যে মতলব উত্তরে রয়েছে সাতটি পরিবার। তাদের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। একই সাথে ইসরাত জাহান বিন্দু শহীদ ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন এবং তাঁদের পরিবারের কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানান।