বিশ্বকাপের বাকি ৮ দিন

কোচকে ছাড়া মেক্সিকোর পথে দক্ষিণ আফ্রিকা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দলের প্রতিনিধিদল মেক্সিকোর উদ্দেশে রওনা হয়েছে। তবে ভিসা জটিলতার কারণে দলের সহকারী কোচ হেলম্যান মখালেলে সফরসঙ্গী হতে পারেননি।

মূলত গত রোববার দক্ষিণ আফ্রিকার দলটির যাত্রা করার কথা থাকলেও কয়েকজন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের ভিসা সময়মতো ইস্যু না হওয়ায় সফর একদিন পিছিয়ে যায়। দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশন (সাফা) এই পরিস্থিতিকে প্রশাসনিক জটিলতা হিসেবে উল্লেখ করেছে। অবশেষে পরশু জোহানেসবার্গ থেকে চার্টার্ড ফ্লাইটে মেক্সিকোর পাচুকার উদ্দেশে যাত্রা করে দলটি।

তবে সহকারী কোচ মখালেলের যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রথমে প্রত্যাখ্যাত হওয়ায় তিনি দলের সাথে যেতে পারেননি। সাবেক এই উইঙ্গার দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপেও অংশ নিয়েছিলেন। ভিসা সমস্যার সমাধান হলে তিনি পরে দলের সাথে যোগ দেবেন। সাফা সভাপতি ড্যানি জর্ডান যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের ভূমিকার সমালোচনা করে বলেন, ভিসা প্রত্যাখ্যানের কোনো কারণ জানানো হয়নি। তিনি বলেন, ‘কেন ভিসা দেয়া হয়নি আমরা জানি না। কোনো ব্যাখ্যা না পাওয়ায় বিষয়টি নিয়ে কাজ করাও কঠিন হয়ে পড়েছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।’

আগামী শুক্রবার জ্যামাইকার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। এরপর ১১ জুন মেক্সিকো সিটিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে তারা।

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হুগো ব্রুস বলেন, ‘গত কয়েক দিন আমাদের জন্য বেশ চাপের ছিল। ভিসা-সংক্রান্ত নানা সমস্যার কারণে প্রস্তুতিতে বিঘœ ঘটেছে। তবে এখন আমরা মেক্সিকো যেতে পেরে স্বস্তি অনুভব করছি এবং সামনের চ্যালেঞ্জে পুরো মনোযোগ দিতে পারব।’