কূটনৈতিক প্রতিবেদক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন। তার এ সফরে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অভিবাসন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে বিস্তৃত আলোচনা হবে।
ঢাকা সফরের সময় হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলোচনা করবেন। রাজনৈতিক নেতাদের সাথেও তার মতবিনিময়ের কথা রয়েছে। এ ছাড়া রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজার যাবেন।
গত ফেব্রুয়ারিতে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর খলিলুর রহমান তুরস্ক সফরের মধ্য দিয়ে তার দ্বিপক্ষীয় সফর শুরু করেছিলেন। জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল সাইপ্রাস, যার সাথে তুরস্কের ঐতিহাসিক বিরোধ রয়েছে। এই নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হিসেবে খলিলুর রহমানের বিজয়ে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজ নিউ ইয়র্ক থেকে ঢাকায় এসে পৌঁছাবেন।
গত মার্চে আঙ্কারা সফরের সময় হাকান ফিদানের সাথে বৈঠক করেছিলেন ড. খলিলুর রহমান। এতে দুই দেশ কৌশলগত অংশীদারিত্ব আরো গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বৈঠকে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশের দক্ষ জনশক্তির জন্য তুরস্কে শ্রমবাজার উন্মুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের অক্টোবরে ঢাকা সফর করেছিলেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনসি। পাঁচ বছরের বেশি সময় পর অনুষ্ঠিত বাংলাদেশ-তুরস্ক ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) তিনি তুরস্কের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এফওসিতে দুই দেশ রাজনৈতিক সংলাপ আরো জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।



