জমি নিয়ে বিরোধ

নোয়াখালীতে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

Printed Edition

নোয়াখালী অফিস

নোয়াখালীর কবিরহাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫) নামে এক যুবককে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মিজানুর রহমান কবিরহাট পৌরসভার জৈনদপুর এলাকার মো: শহীদের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

নিহত মিজানের শ্যালক মোহাম্মদ জামাল অভিযোগ করে বলেন, পাঁচ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে গত ১০ জানুয়ারি সকালে মনিনগর গ্রামে তার ওপর হামলা চালানো হয়। ওই সময় তার বাবা ওবায়দুল হকসহ তাকে বেধড়ক মারধর করে প্রতিপক্ষ। এ সময় হামলায় তার বাবার হাত ভেঙে যায়। তিনি এখনো চিকিৎসাধীন।

তিনি আরো অভিযোগ করেন, শনিবার রাত ৮টার দিকে তার ভগ্নিপতি মিজানুর রহমান কালিরহাট বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে গিয়ে ওই হামলার বিচার দাবি করেন। এ সময় নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের সাথে তার বাগি¦তণ্ডা হয়। পরে যুবদলের কর্মীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশীদ হারুন বলেন, আমরা আমাদের অফিসে বসে নির্বাচনী কথাবার্তা বলছিলাম। সেখানে মিজান এলে কথাকাটাকাটি হয়। পরে সেখান থেকে সে চলে যায়। পরে শুনি কে বা কারা তাকে হত্যা করে লাশ রাস্তায় ফেলে যায়।

অভিযোগের বিষয়ে জানতে ঘটনার পর থেকে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের মুঠোফোনে অসংখ্যবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মিজানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ ছিল।