শিক্ষাবিদ অধ্যাপক ড. আলিমউল্যাহ মিয়ানের মৃত্যুবার্ষিকী পালিত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার পথিকৃৎ এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রতিষ্ঠাতা ভিসি অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের ৯ম মৃত্যুবার্ষিকী গতকাল ১০ মে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কৈলাইন গ্রামে জন্মগ্রহণকারী অধ্যাপক মিয়ান ২০১৭ সালের ১০ মে ইন্তেকাল করেন। বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ধারণা প্রবর্তনের মাধ্যমে তিনি এক নতুন দিগন্তের সূচনা করেন। তার উদ্যোগেই ১৯৯১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে অধ্যাপক মিয়ানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় আইইউবিএটি পরিবারের সদস্যরা তার রূহের মাগফিরাত কামনা করেন এবং গভীর শ্রদ্ধার সাথে তার স্মৃতির প্রতি সম্মান জানান। পরে অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আইইউবিএটির ভিসি অধ্যাপক ড. আবদুর রব, প্রো ভিসি অধ্যাপক ড. মো: মাহমুদুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মমতাজুর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল মো: জাহিদ হোসেন, পিএইচডি (অব:)।