ক্রীড়া প্রতিবেদক
জাপানের কাকামিঘারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপে বাংলাদেশ পুরুষ ও নারী অনূর্ধ্ব ১৮ দল পড়েছে কঠিন গ্রুপে। জাপান ও চীন এমনিতেই অলিম্পিক দল হিসেবে সেরা বিচেচিত। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশের ছেলেরা। কিন্তু গতকাল পুরো খেলায় ডমিনেট করেও কিছু ভুলের কারণে চীনের বিপক্ষে শেষ মুহূর্তে হেরেছে ৩-২ গোলে। বাংলাদেশের হয়ে গোল দু’টি করেছেন মুন্না ইসলাম ও আকাশ মাহমুদ তুহিন।
কোচ মওদুদুর রহমান শুভ জানালেন, ‘জয়টা আমাদেরই হওয়া উচিত ছিল। কিছু সিলি মিসটেকের কারণে পয়েন্ট হারাতে হয়ে। ৮টা পিসি পেয়েও কাজে লাগাতে পারিনি, মাত্র একটি গোল হয়েছে। তারউপর গোলকিপার হাবিবুর রহমান কার্ড পাওয়ায় প্রায় ১০ মিনিট বাইরে থাকতে হয়েছে। হারের ওটাও একটা কারণ। এ ছাড়া আমাদের গ্রুপে সবার সমান ৩ পয়েন্ট। তাই আগামী বুধবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে ডু অর ডাই ম্যাচ। যারা জিতবে তারাই যাবে সেমিফাইনালে।’
এ দিকে অনূর্ধ্ব ১৮ নারী দল জাপানের কাছে ১২-০ গোলে পরাজিত হয়েছে। আজ ১২টায় খেলা রয়েছে চায়নিজ তাইপের বিপক্ষে। জয়ের আশা কোচ জাহিদ হোসেন রাজুর। একটু ব্যখ্যা করেই বলেন রাজু, ‘মেয়ে হকিতে জাপান এবং চীন সবাইকে ডমিনেট করে। তাদের সে সুযোগ-সুবিধা এক কথায় ওয়ার্ল্ড ক্লাস। চীনে গত বছর গিয়ে দেখেছি, তাদের যে অলিম্পিক টিম রয়েছে তারা আনায়াসে তিন থেকে চারটি টিম করতে পারে। সবাই এক বয়সের, এক উচ্চতার। জাপানও একই ধাচের। তাইপের বিপক্ষে আমরা এএইচ কাপে খেলেছি। তাদের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী। আসলে গ্রুপিংটা হয়ে গেছে কঠিন পর্যায়ে। আমাদের গ্রুপে রয়েছে জাপান, চীন ও তাইপে। অন্য গ্রুপে আছে ভারত, কোরিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।’



