সারি সারি গাছের সাথে প্রকৃতির হাতছানি

পর্যটনের সম্ভাবনায় দোয়ারাবাজারের তালতলা

Printed Edition
পর্যটনের সম্ভাবনায় দোয়ারাবাজারের তালতলা
পর্যটনের সম্ভাবনায় দোয়ারাবাজারের তালতলা

সোহেল মিয়া দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাংলাবাজার ইউনিয়নের তালতলা এলাকাটি ধীরে ধীরে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষের কাছে নতুন আকর্ষণ হিসেবে পরিচিতি পাচ্ছে। সারি সারি তালগাছ, বিস্তীর্ণ সবুজ মাঠ, পাখির কলকাকলি আর খোলা আকাশের অপার সৌন্দর্যে জায়গাটি সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে আলোচনায় এসেছে।

তালগাছের নামানুসারেই এলাকার নাম হয়েছে ‘তালতলা’। সেখানে পা রাখলেই বাতাসে তালপাতার দোলায় তৈরি হওয়া শোঁ শোঁ শব্দ আর প্রকৃতির গর্জনময় আবহ দর্শনার্থীদের ভিন্ন অভিজ্ঞতা দেয়। সকালবেলায় পূর্ব আকাশে লাল সূর্যের উদয় এবং বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের দৃশ্যও দর্শনার্থীদের মুগ্ধ করে।

স্থানীয়রা জানায়, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ স্থানটি ইতোমধ্যে মানুষের নজর কাড়তে শুরু করেছে। প্রতিদিন শত শত মানুষ সেখানে ভিড় করছেন। তবে পর্যটনের ব্যাপক সম্ভাবনা থাকলেও যোগাযোগব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পল্লী চিকিৎসক হাবিব রোশান বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগে পর্যটন অবকাঠামো গড়ে তোলা গেলে তালতলায় পর্যটকদের যাতায়াত সহজ হবে। এতে একদিকে যেমন সরকারের রাজস্ব আয় বাড়বে, অন্যদিকে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

তিনি আরো বলেন, বাংলাবাজার এলাকা উপজেলার পরিচিত ও গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এখানকার কৃষকদের উৎপাদিত ফসল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এ ছাড়া সুনামগঞ্জের পরিচিত পর্যটন স্থান বাঁশতলার কাছাকাছি হওয়ায় প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত থাকে। এ সুযোগ কাজে লাগিয়ে তালতলাকে পরিকল্পিতভাবে সাজানো গেলে নতুন পর্যটন শিল্প গড়ে উঠতে পারে।

গতকাল শুক্রবার সকালে ঘুরতে আসা সরকারি চাকরিজীবী ছামির আলী ও জুয়েল আহমদ বলেন, সুযোগ পেলেই তারা পরিবার বা বন্ধুদের নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান। এবার নতুন করে তালতলায় এসে জায়গাটির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। তাদের মতে, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগে স্থানটি উন্নয়ন করা হলে এটি প্রকৃতিপ্রেমী মানুষের অন্যতম গন্তব্যে পরিণত হতে পারে।

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, তালতলা নতুনভাবে পরিচিতি পাচ্ছে। আমরা স্থানটি পরিদর্শনে যাবো।