বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

Printed Edition

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট পৌরসভা এলাকায় পারিবারিক বিরোধের জেরে মামাতো ভাই আলী আব্দল্লাহর (২৩) ছুরিকাঘাতে ফুফাতো ভাই আম্মার শেখ (১৯) নিহত হয়েছে। গতকাল গভীর রাতে বাসাবাটি এলাকায় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আম্মার শেখ বাসাবাটি এলাকার তাসলিম মাহমুদের ছেলে। এ ছাড়া ঘাতক আলী আব্দুল্লাহ বাগেরহাট পৌরসভার সাহাপাড়া এলাকার বাসিন্দা তারেক হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে আলী আব্দুল্লাহ তার ফুফুর বাড়ি বাসাবাটি বেড়াতে আসেন। রাতে আম্মার শেখ ও আলী আব্দুল্লাহ বাড়ির দোতলার একটি কক্ষে ঘুমাতে যান। এ সময় পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আলী আব্দুল্লাহ ছুরি দিয়ে তার ফুফাতো ভাই আম্মার শেখের ঘাড়, বুক ও পিঠে এলোপাতাড়ি আঘাত করেন।

পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলী আব্দুল্লাহকে রক্তমাখা ছুরিসহ বাগেরহাট সদর মডেল থানা পুলিশ গ্রেফতার করে।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, গভীর রাতে ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছুরিসহ ঘাতক আব্দুল্লাহকে আটক করা হয়। এ ছাড়া নিহত আম্মার শেখের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ড- সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।