ভারতের বিরুদ্ধে ভূখণ্ড ব্যবহার করতে দেবো না মিয়ানমার

Printed Edition

পিটিআই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মিয়ানমারের সফররত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, উন্নয়ন সহায়তা এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো মূল প্রাধান্য পেয়েছে। বৈঠকে মিয়ানমারের প্রেসিডেন্ট নয়াদিল্লিকে দৃঢ়ভাবে আশ্বস্ত করে বলেছেন, ভারতের নিরাপত্তা বিঘিœত করে এমন কোনো কাজে মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না।

বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি জানান, নরেন্দ্র মোদি মিয়ানমারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি ভারতের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। একই সাথে দুই নেতাই এই বিষয়ে একমত হয়েছেন যে, কোনো দেশেরই সার্বভৌম ভূখণ্ড যেন একে অপরের নিরাপত্তা স্বার্থের পরিপন্থী বা ক্ষতিকর কোনো কার্যকলাপে ব্যবহৃত হতে না পারে। একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, মোদি মিয়ানমারকে ভারতের একটি অবিচল ও বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরো জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এ ছাড়া মিয়ানমারের চলমান শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার সময় ভারতের প্রধানমন্ত্রী সেখানে একটি স্থায়ী শান্তি ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি সমস্ত অংশীদারদের আলোচনার টেবিলে আনার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেন। নেপিডোর সাথে ভারতের এই কূটনৈতিক যোগাযোগকে সমর্থন করে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বলেন, এই দ্বিপক্ষীয় আলোচনা মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থার ওপর কোনো মূল্যায়ন নয়। বরং মিয়ানমার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়া মানে অন্য শক্তির জন্য জায়গা ছেড়ে দেয়া, যা ভারতের জন্য ক্ষতিকর হতে পারে।