ময়মনসিংহ অফিস
ময়মনসিংহে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর সশস্ত্র হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ সময় আসামিপক্ষের হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে মূল হোতাসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- মো: সাগর আলী হাজী (৬০), সুজন মিয়া (২৭), নাজিম উদ্দিন (৩৭), এ কে এম রেজাউল করিম (৩৫), মো: নাজিম উদ্দিন (৪২), মো: জয়নাল উদ্দিন (৪২) ও মো: খলিলুর রহমান (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার মামলার প্রধান আসামি আরিফুল ইসলামকে ধরতে গত মঙ্গলবার বিকেলে নগরীর দিগারকান্দা এলাকায় অভিযান চালায় পুলিশ। কোতোয়ালি মডেল থানার এসআই ফরিদ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল আসামি আরিফুলকে গ্রেফতার করে হাতকড়া পরায়। তাকে থানায় নিয়ে আসার পথে আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে তার সহযোগীরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে তারা হাতকড়াসহ আরিফুলকে ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুস সাকিব জানান, পুলিশ সদস্যদের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই হওয়া আসামি আরিফুল ইসলামকে পুনরায় গ্রেফতার করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
ময়মনসিংহের পুলিশ সুপার জানান, বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।



