ক্রীড়া প্রতিবেদক
গত কয়েক বছর জুনিয়র বা বয়সভিত্তিক পর্যায়ে খেলেছে বাংলাদেশ নারী হকি দল। এবারই প্রথম সিনিয়র দলের এশিয়ান গেমসের বাছাই দিয়ে শুরু হবে নারী হকির যাত্রা। আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়াতে হতে যাচ্ছে এশিয়ান গেমস। বাংলাদেশ পুরুষ হকি দল ইতোমধ্যে মূল পর্ব নিশ্চিত করেছে। এবার নারী হকি দলের সামনে বাছাই পর্বের বাধা পার হওয়ার চ্যালেঞ্জ। বাংলাদেশ মহিলা হকি দল আগামী ২০ এপ্রিল রাত ২টায় ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা করবে।
২৩-২৯ এপ্রিল ইন্দোনেশিয়ার জার্কাতায় আট দেশ নিয়ে হবে বাছাই টুর্নামেন্ট। বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ চাইনিজ তাইপে, উজবেকিস্তান ও হংকং। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ সেমিফাইনাল খেলবে। চার সেমিফাইনালিস্টই এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ জাতীয় নারী হকি দলের হেড কোচ জাহিদ হোসেন রাজু এশিয়ান গেমসের মূল পর্বে খেলার আশা করছেন, ‘আমাদের গ্রুপে চাইনিজ তাইপে শক্ত প্রতিপক্ষ। উজবেকিস্তান ও হংকংয়ের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার আশা করছি। এই দুই ম্যাচে ইতিবাচক ফলাফল পেলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলতে পারবো। সেক্ষেত্রে নারী অগ্রযাত্রায় যা হবে মাইলফলক।’
বাংলাদেশ অ-১৮ নারী হকি দল এশিয়ান কাপে ব্রোঞ্জ জিতেছিল। বিকেএসপির সেই খেলোয়াড়রাই এখন জাতীয় দলে খেলবেন।



