শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনীপাড়া গ্রামে টিউবওয়েল বসানোর সময় মাটির নিচ থেকে গ্যাসজাতীয় পদার্থ বের হয়ে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বাগুনীপাড়া গ্রামের শাহ আরজু মিয়ার বাড়িতে টিউবওয়েল স্থাপনের কাজ চলছিল। প্রায় ৪০ ফুট গভীরে পাইপ প্রবেশ করানোর পর হঠাৎ পাইপের মুখ দিয়ে গ্যাসজাতীয় পদার্থ বের হতে থাকে। পরে দিয়াশলাই জ্বালিয়ে পরীক্ষা করলে সাথে সাথে আগুন ধরে যায়।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আরিফুল ইসলাম জানান, টিউবওয়েল বসানোর সময় গ্যাস নির্গত হয়ে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ব্যবস্থা নেয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, বাড়ির মালিককে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পরামর্শ দেয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে ঝুঁকি তৈরি হতে পারে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। তবে ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতি রয়েছে কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।



