প্রস্তুতিতে অসুন্তুষ্টি নিয়ে অস্ট্রেলিয়া যাত্রা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

স্বপ্নের মতো মিয়ানমার সফর শেষ করা। সেখানে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করা। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ এই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে সেরা ছয়ে থাকতে পারলেই সরাসরি কোয়ালিফাই করবে ২০২৭-এর নারী বিশ^কাপে। আর সেরা আটে থাকতে পারলেই ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের ছাড়পত্র। মিয়ানমার থেকে আফঈদা খন্দকারোা কোয়ালিফাই করে আসার পর রাজকীয় সংবর্ধনা বাংলাদেশ দলকে। নারী দল যাতে বিশ^কাপে কোয়ালিফাই করে এ জন্য খুবই সিরিয়াস ছিল বাফুফে। অথচ গতকাল যখন বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হলো তখন কোচ পিটার বাটলারের মুখে প্রস্তুতি কম হওয়ার অসন্তুষ্টি। এর যোগফলে হয়তো সিডনি ও পার্থের মাঠ থেকে হতাশ হয়েই দেশে ফিরে আসতে হতে পারে বাংলাদেশ দলকে।

আসরের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী চীন ও উত্তর কোরিয়া আছে। রয়েছে উজবেকিস্তানও। চীনের সাথে ম্যাচ ৩ মার্চ। ৬ তারিখের প্রতিপক্ষ উত্তর কোরিয়া। আর ৯ মার্চ পাচ্ছে উজবেকিস্তানকে। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন জানান, চীন নারী এশিয়ান কাপের ৯ বারের চ্যাম্পিয়ন। উত্তর কোরিয়ার দখলে শিরোপা ৩ বার। আর উজবেকিস্তান এ নিয়ে ৬ষ্ঠ বারের মতো নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলছে। সেখানে বাংলাদেশ এই প্রথম ফাইনাল রাউন্ডে।

নারী দলের নিরবচ্ছিন্ন অনুশীলনটা হয়নি অস্ট্রেলিয়া সফর উপলক্ষে। লিগের জন্য তারা এক সাথে অনুশীলন করতে ব্যর্থ হয়েছে। এর পর দলটিকে মালয়েশিয়ায় রেখে দুই সপ্তাহের ট্রেনিং এবং দুটি প্রস্তুতি ম্যাচ খেলানোর আয়োজন করা হয়েছিল। সেটাও শেষ পর্যন্ত হয়নি। ফলে অস্ট্রেলিয়ায় গিয়ে একটি ক্লাব দলের সাথে প্রস্তুতি নিয়েই এশিয়ার সেরা দুই দেশ চীন ও উত্তর কোরিয়ার সামনে পড়তে হচ্ছে বাংলাদেশকে। কিরনের অভিযোগ, স্পন্সরসহ আমি মালয়েশিয়ায় অনূর্ধ্ব-২০ ও সিনিয়র জাতীয় দলের জন্য অনুশীলন ও দুটি করে চারটি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেছিলাম। তবে আমিই তো বাফুফের একা সিদ্ধান্ত নেয়ার কেউ না। তাই অনেক কিছুই সম্ভব হয় না। এ ছাড়া জাপানেও দলের অনুশীলনের ব্যবস্থা করেছিলাম। তবে সেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে হওয়ায় বাফুফে জাপানে দল পাঠানোর অনুমতি দেয়নি।

কোচ পিটার বাটলারের মতে, যেভাবে এই লেভেলে খেলার জন্য প্রস্তুতিটা হওয়া দরকার ছিল তা আমি নিতে পারিনি। এতে আমি মোটেই খুশি নই। আমি কারো দিকে আঙুল তুলছি না। তবে আমি যে পরিকল্পনা করেছিলাম সেভাবে করা সম্ভব হয়নি। সোজা কথা সেরা প্রস্তুতি নিয়ে যেতে পারলাম না। এর পরও পুরো দলের দায়দায়িত্ব আমার। ’ গ্রুপে চীন ও উত্তর কোরিয়া অনেক শক্তিশালী। তাদের সাথে সম্মানজনক ম্যাচ খেলে উজবেকিস্তানকে হারাতে পারলে সেরা আটে যাওয়ার চান্স থাকবে। কারণ এই উজবেকিস্তান বাছাই পর্বে নেপালের সাথে ৩-৩ গোলে ড্র করে এর পর টাইব্রেকারে জিতেছিল। তবে কাল সংবাদ সম্মেলনে কোচ বললেন, উজবেকিস্তান অনেক শক্তিশালী দল। তাদের খেলোয়াড়রা টেকনিক্যাল ভালো। শারীরিক গঠনেও এগিয়ে। এই বাস্তবতা মানতেই হবে।’ বাংলাদেশ দলের সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীর প্রশংসা করে বলেন, আনিকা খুবই ভালো খেলোয়াড়।

অধিনায়ক আফঈদা অবশ্য সব ম্যাচ জিতেই কোয়ালিফাই করার স্বপ্ন দেখছেন।

বাংলাদেশ দল : রুপনা, মিলি, স্বর্ণা, আফঈদা, কোহাতি, নবীরন, শিউলী, শামসুন্নাহার সিনিয়র, হালিমা, আফরিন, স্বপ্না রানী, মুনকি, আইরিন, রিপা, উমেহেলা, ঋতুপর্ণা, মনিকা, মারিয়া, আনিকা, উন্নতি, আলপি, সুলতানা, তহুরা, সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র।