খুলনায় শিশুসহ ৩ জন হত্যা গ্রেফতার হয়নি কেউ

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনায় ঈদের অবকাশে নানীনহ দুই শিশু খুন হয়েছে। গত শনিবার সন্ধ্যার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার তমিজ উদ্দিন সড়কের দারুল আমান মহল্লার শরিফুল ইসলামের ভাড়া দেয়া বাসা থেকে পুলিশ বেবি বেগম, তার নাতি মুস্তাকিম এবং শামিমের লাশ উদ্ধার করে। গত রোববার এ ব্যাপারে সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দ্বে খুনের ঘটনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত শিশুর মা ফাতেমা বেগম জানান, তার দ্বিতীয় স্বামী রফিকুল তার আগের ঘরের সন্তান দুটোকে ভালো চোখে দেখতো না। গত শুক্রবার রাতে সে বাসায় এসে সারারাত তার সাথেই থাকে। সকালে বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। স্বামী চলে যাওয়ার পর সে তার মা ও দুই সন্তানকে না দেখে খোঁজাখুঁজি করতে থাকে। বিকেলে পাশের রুম থেকে গন্ধ বের হলে লোকজনকে ডাকেন এবং পুলিশে খবর দেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত শিশু দু’টির মা ফাতেমা বেগমকে (৩৫) হেফাজতে নেয়া হয়েছে। তার দেওয়া তথ্যমতে তার দ্বিতীয় স্বামী রফিকুল এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে।