বার্সেলোনা ছাড়ছেন লেভানোদোভস্কি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন পোল্যান্ডের তারকা স্ট্রাইকার লেভানোদোভস্কি। চলতি মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে ক্লাব ছাড়বেন ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দেয়ার পর থেকে চার মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯১ ম্যাচে ১১৯ গোল করেছেন লেভানদোভস্কি। তার অসাধারণ পারফরম্যান্সে বার্সা জিতেছে তিনটি লা লিগা শিরোপা, যার মধ্যে রয়েছে চলতি মৌসুমের ট্রফি, পাশাপাশি ২০২৫ সালে জিতেছে কোপা দেল রে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় লেভানডোভস্কি বলেন, “চার বছর কঠোর পরিশ্রম ও চ্যালেঞ্জে ভরা সময় কাটানোর পর এখন এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমি মনে করি, আমার মিশন সম্পন্ন হয়েছে।”

লেভানডোভস্কি যখন বার্সেলোনায় যোগ দেন, তখন ক্লাবটি আর্থিক সঙ্কট ও পারফরম্যান্সের দিক থেকে কঠিন সময় পার করছিল। তার নেতৃত্ব ও গোল করার ক্ষমতাই দলকে আবার স্পেনের শীর্ষে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ইউরোপীয় প্রতিযোগিতায়ও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তোলে।