ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) আগের ম্যাচে অবিশ্বাস্য হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল ইন্টার মিয়ামি। আগের ম্যাচের মতো গোল করলেন ও করালেন লিওনেল মেসি। টরন্টোকে ৪-২ ব্যবধানে হারিয়ে আপাতত পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠল মিয়ামি। আর এই ম্যাচে একটি গোল ও দু’টি অ্যাসিস্ট করে এমএলএসে নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। টরন্টোর বিপক্ষে ম্যাচে তিনটি গোলে যুক্ত থেকে মেসি এখন এমএলএসে দ্রুততম একশ’ গোলে অবদান রাখা খেলোয়াড়।
জয়ে ফেরার লড়াইয়ে টরন্টোর মাঠে ৪৪ মিনিটে রদ্রিগো ডি পলের গোলে এগিয়ে যায় মিয়ামি। ৫৬ মিনিটে মেসির পাস বক্সে পেয়ে ব্যবধান বাড়ান উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। ৭২ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন সার্জিও রেগুইলন। মেসিকে পাস দিয়ে বক্সের ভেতরে ঢুকে পড়েন তিনি, ফিরতি পাস পেয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন এই স্প্যানিশ লেফট-ব্যাক। ৭৫ মিনিটে দারুণ গোলে স্কোরলাইন ৪-০ করেন মেসি। মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে যান তিনি।



