নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে জামায়াতের সব পর্যায়ের জনশক্তিকে দেশ ও জাতির সেবায় জান ও মালের কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানুষের সেবায় ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের কল্যাণেও অর্থ ব্যয় করতে হবে।
গতকাল রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার উদ্যোগে জেলা জামায়াতের কার্যালয়ে জেলা মজলিসে শূরা, কর্মপরিষদ ও উপজেলা আমির-সেক্রেটারিদের নিয়ে বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
আবদুল হালিম বলেন, ছাত্রজীবনের পরিশ্রম, অভিজ্ঞতা ও কোরবানিকে বৃহত্তর আন্দোলনের মজবুতি অর্জনে কাজে লাগাতে হবে। পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে সজাগ ও সচেতন হতে হবে। দুনিয়ার কোনো স্বার্থ ও চাকচিক্য আমাদের যেন আলাদা করতে না পারে।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমির মো: আব্দুল করিমের (এমপি) সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার।



