ক্রীড়া প্রতিবেদক
দফায় দফায় লম্বা বিরতি। এই বিরতির কারণে এবারে বাংলাদেশ ফুটবল লিগ শেষ হতে সময় নিয়েছে। নির্ধারিত এপ্রিলের গণ্ডি পেরিয়ে এখন ২৩ মে শেষ হচ্ছে ইউনাইটেড হেলথ কেয়ার বাংলাদেশ ফুটবল লিগ। বাকি আর দুই রাউন্ড। এই দুই রাউন্ডে কোন দল শিরোপা জিতবে আর কোন দলের অবনমন হবে তা চূড়ান্ত হবে এই দুই পর্বে। আগের ম্যাচে বাংলাদেশ পুলিশের সাথে বসুন্ধরা কিংসের ড্র আর পিডব্লিউডির বিপক্ষে ঢাকা আবাহনীর জয়ই জমিয়ে দিয়েছে লিগ। সেই সাথে পিডব্লিউডির ওই হার এবং গত পরশু মোহামেডান ও ফর্টিসের জয় বেকাদায় ফেলে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ ও ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলকে। ১৬ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে অষ্টম স্থানে আছে আরামবাগ। পিডব্লিউডির সংগ্রহ ১৩। তারা আছে নবম স্থানে। আর ১০ পয়েন্ট নিয়ে সবার নিচে ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুল। অন্য দিকে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ৩৪ পয়েন্টে দ্বিতীয় স্থানে আবাহনী। ৩১ পয়েন্ট নিয়ে এই দুই দলকে চ্যালেঞ্জ জানাচ্ছে ফর্টিস।
প্রথম পর্ব শেষে বসুন্ধরা কিংস ও ফর্টিস পয়েন্ট তালিকায় সবার উপরে ছিল। ফিরতি পর্বে পিছিয়ে পড়ে ফর্টিস। অন্য দিকে আবাহনীর ঘুরে দাঁড়ানোটা ছিল চমকপ্রদ। ফিরতি পর্বে টানা সাত ম্যাচই জিতেছে মারুফুল হকের দল। অন্য দিকে বসুন্ধরা কিংসের কাছে হার ও আরামবাগের সাথে ড্র পেছনে ঠেলে দেয় ফর্টিসকে। আর পুলিশ ও রহমতগঞ্জের সাথে ড্র করে বসুন্ধরা কিংস বড় ব্যবধানে লিড ধরে রাখতে পারেনি।
তবে ১৫ মে চূড়ান্ত হয়ে যেতে পারে শিরোপা। কুমিল্লায় সেদিন ঢাকা আবাহনীর মুখোমুখি হবে বসুন্ধরা। সে ম্যাচে জিতলেই লিগ চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধার করা হবে মাহাবুর হোসেন, রক্সি ও সৈয়দ গোলাম জিলানীর দলের। আর আবাহনী জিতলে তখন ২৩ মে শেষ দিন পর্যন্ত টিকে থাকবে লিগের আকর্ষণ। ২৩ তারিখে আকাশি নীল শিবিরের প্রতিপক্ষ আরামবাগ। আর বসুন্ধরা পাচ্ছে ইয়ংম্যান্সকে।
এ দিকে ফর্টিস যদি পরের দুই ম্যাচে জয় পায় এবং আবাহনী ও বসুন্ধরার ম্যাচ যদি ড্র হয় সে সাথে আবাহনী ও বসুন্ধরা যদি শেষ রাউন্ডের খেলায় হেরে বসে তাহলে প্রথম শিরোপার দেখা পাবে ফর্টিস।
১৫ মে পাঁচটি খেলা। সে দিন অবনমনও চূড়ান্ত হতে পারে। ওই তারিখে পিডব্লিউডি ও ইয়ংম্যান্সের ম্যাচ মানিকগঞ্জের মিরাজ তপন স্টেডিয়ামে। সে খেলায় পিডব্লিউডি জিতলেই নেমে যাবে ইয়ংম্যান্স। আর আরামবাগ যদি হেরে যায় বাংলাদেশ পুলিশের কাছে তাহলে বিএফএলে টিকে যাবে অফিস দলটি। তখন শেষ রাউন্ডের আগেই ইয়ংম্যান্সকে সাথে নিয়ে বিসিএলে ফিরে যাবে আরামবাগ ইয়ংম্যান্স। অন্য দিকে আরামবাগ যদি হারিয়ে দেয় পুলিশকে এবং ইয়ংম্যান্স জয় পায় পিডব্লিউডির বিপক্ষে তাহলে জিতেও লাভ হবে না ইয়ংম্যান্সে। ১৭ পয়েন্ট নিয়ে অবনমন ঠেকাবে আরামবাগ। আর নেমে যাবে ইয়ংম্যান্স ও পিডব্লিউডি। এ দিকে টিকে থাকার জন্য ১৫ তারিখে ফর্টিসের বিপক্ষে জয় দরকার ব্রাদার্সের। ১৭ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনে থাকা চার দলের মধ্যে একটু ভালো অবস্থানে ব্রাদার্স। ২৩ মে গোপীবাগের দলটির শেষ খেলা মোহামেডানের বিপক্ষে। পিডব্লিউডির শেষ খেলা ফর্টিসের বিপক্ষে।



