ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে নিজ দলকে ফেবারিট না মানলেও আত্মবিশ্বাসী ক্যাসেমিরো। তিনি মনে করেন, অন্য দলগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে থাকা ব্রাজিলের জন্য ইতিবাচক দিক হতে পারে।
যুক্তরাষ্ট্রে পৌঁছে গণমাধ্যমকে কাসেমিরো বলেন, ‘আমরা বড় ফেবারিট নই। তবে আমাদের দলে অভিজ্ঞতা ও তরুণদের ভালো সমন্বয় রয়েছে। আমরা সবসময় প্রস্তুত থাকতে চাই।’ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার ষষ্ঠ শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। তবে ২৪ বছর ধরে ট্রফি জিততে না পারায় বাজির বাজারে তাদের স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ডের তুলনায় পিছিয়ে রাখা হয়েছে।
ক্যাসেমিরো আরো জানান, কোচ পরিবর্তনসহ নানা কারণে দলটি কঠিন সময় পার করেছে। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলটি এখনো খুব বেশি সময় একসাথে কাজ করার সুযোগ পায়নি। তবে সব চ্যালেঞ্জ কাটিয়ে ব্রাজিল শক্ত অবস্থানেই বিশ্বকাপে নামবে বলে বিশ্বাস করেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। উল্লেখ্য, গতকাল বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র পৌঁছে ব্রাজিল দল।



