ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের নতুন নিয়মের সুবিধা কাজে লাগিয়ে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে জাপান। গত রোববার আইসল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-০ গোলে জয় তুলে নেয় এশিয়ার দলটি।
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে শেষ দিকে। নতুন ‘টাইম-লিমিটেড সাবস্টিটিউশন’ নিয়ম ভঙ্গ করায় সাময়িকভাবে ১০ জনে পরিণত হয় আইসল্যান্ড। নির্ধারিত ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে ব্যর্থ হওয়ায় বদলি খেলোয়াড় ইসার টরভাল্ডসন মাঠে নামতে পারেননি। ফলে প্রায় এক মিনিটের বেশি সময় ১০ জন নিয়েই খেলতে হয় আইসল্যান্ডকে। এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৮৭ মিনিটে জয়সূচক গোলটি করেন কোকি ওগায়া। হেডে করা এই গোলের মাধ্যমে ম্যাচ নিজেদের করে নেয় জাপান।
ম্যাচ শেষে জাপানের কোচ নতুন নিয়ম সম্পর্কে সতর্ক থাকার ওপর জোর দেন।



