ইউরিন ইনফেকশন বড়দের মতোই বিভিন্ন কারণে শিশুদেরও হতে পারে। মূত্রতন্ত্রের কোনো অংশে জীবাণুর সংক্রমণ হলে সেটিকে ইউরিন ইনফেকশন বা টঞও বলে।
মেয়ে শিশুদের মধ্যে এই সংক্রমণের প্রবণতা বেশি, কারণ তাদের মূত্রনালী ছেলেদের তুলনায় দৈর্ঘ্যে অনেক ছোট। এ ছাড়া মেয়েদের মূত্রনালী পায়ুপথের খুব কাছাকাছি অবস্থিত, ফলে ব্যাকটেরিয়া পায়ুপথ থেকে মূত্রনালীতে খুব সহজে প্রবেশ করে প্রস্রাবের সংক্রমণ ঘটায়।
কিছু নিয়ম মেনে চললে ইনফেকশন হওয়ার প্রবণতা কমিয়ে আনা যায়। যেমন- মেয়েদের টয়লেটে টিস্যু ব্যবহারের সময়ে সামনে থেকে পেছনে পরিষ্কার করুন। শিশুকে প্রচুর পানি পান করান। বাথটাব বা পুকুরের পরিবর্তে শাওয়ার কিংবা বালতির সাহায্যে গোসল করান। প্রস্রাব করার সময় শিশু যেন তাড়াহুড়া না করে সে দিকে খেয়াল করুন।
প্রস্রাবের বেগ এলে তা ধরে রাখবে না- এটা শিশুদের শিখাতে হবে। টাইট প্যান্ট পরাবেন না। ইউরিন ইনফেকশন উপেক্ষা করলে সেটি খুব সহজেই গুরুতর রূপ নিতে পারে।
এ কারণে শিশুর ইউরিন ইনফেকশনের লক্ষণ দেখা দিলে সেগুলো উপেক্ষা না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে উপযুক্ত অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে। অ্যান্টিবায়োটিকের সম্পূর্ণ কোর্স শেষ করা গুরুত্বপূর্ণ। লক্ষণগুলো কমে আসতে শুরু করলেও প্রেসক্রিপশন অনুযায়ী কোর্স শেষ করতে হবে। সাধারণত ওষুধ সেবনের দুই-তিন দিনের মধ্যে লক্ষণগুলো কমতে শুরু করে। তাই কোর্স শেষ করার পরও লক্ষণের উন্নতি না হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেয়া জরুরি। ইন্টারনেট।



