টনসিল অপারেশনে লাশ গৃহবধূ
বগুড়ায় টনসিল অপারেশন করতে গিয়ে শাপলা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে বগুড়া শহরের বাদুড়তলা প্রেসপট্টি এলাকার সারা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তিনি মারা যান। এ ঘটনার পর হাসপাতালের মূল ফটকে তালা ঝুলিয়ে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান। শাপলা বেগম সোনাতলা উপজেলার বাইগুনী এলাকার রানু মিয়ার স্ত্রী। জানা গেছে, টনসিল অপারেশনের জন্য শাপলা বেগমকে ওই হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৭টায় অপারেশন থিয়েটারে নেয়া হয়। পরিবারের অভিযোগ, রোগীকে অ্যানেস্থেশিয়া দেয়ার পরপরই ওটির ভেতর চিকিৎসকদের মধ্যে হুড়োহুড়ি ও ছোটাছুটি শুরু হয়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক জরুরি ভিত্তিতে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। তবে স্বজনরা পরীক্ষা করে দেখতে পান রোগীর হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে এবং হাসপাতালেই তার মৃত্যু হয়েছে। সোনাতলা (বগুড়া) সংবাদদাতা।
ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন
পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালীতে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্রের ২২তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে এ চক্ষু চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাসেল মুন্সী। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের কমিউনিটি সার্ভিসেস পরিচালক গাজী নজরুল ইসলাম ফয়সালের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু চিকিৎসাকেন্দ্র বরিশাল শাখার সার্জন ডা: মো: রেজাউল হক। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্র বরিশাল শাখার প্রোগ্রাম ম্যানেজার মো: কামরুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: এইচ এম আশ্রাফুল হক ও স্বেচ্ছাসেবী সংগঠন মির্জাগঞ্জ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক কামরুজ্জামান বাঁধন প্রমুখ। মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা।
বরিশালে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দরোড, কেডিসি রোড এলাকায় গতকাল মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে অবৈধভাবে জনসাধারণের প্রবেশপথ দখল করায় জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রায়হান উজ জামান। এছাড়াও নগরীর চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় পাঁচটি মামলা ও ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বরিশাল ব্যুরো।
নবীনগরে সংঘর্ষে আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সশস্ত্র লোকজনের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। গত সোমবার রাতে পূর্ববিরোধের জেরে স্থানীয় বাছির মেম্বারের বাড়িতে এক পক্ষের হামলার ঘটনাকে কেন্দ্র করে আবারো দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার সকালে টিয়ারা বাজারে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। এ সময় বাজারের বেশ কয়েকটি দোকানে লুটপাট চালানো হয়। নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।
আশুলিয়ায় ৭ জুয়াড়ি গ্রেফতার
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। গতকাল মঙ্গলবার ঢাকা জেলা ডিবি (উত্তর) জানায়, আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জুয়াড়ি দলের সদস্য গোপালগঞ্জের মোকসেদপুর থানাধীন কলিগ্রাম এলাকার গুরুদাস বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (২৯), পাবনার ভেড়া থানাধীন বেংগুলিয়া গ্রামের মৃত আজগর প্রামাণিকের ছেলে মানিক হোসেন প্রামাণিক (৬৫), গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন দেওড়া এলাকার মৃত বুদু মিয়ার ছেলে আলমাস (৪০), রংপুরের মিঠাপুকুর থানার ভেনুপুর গ্রামের মৃত বাবু মণ্ডলের ছেলে জাহিদুল ইসলাম মণ্ডল (৩২), মানিকগঞ্জের সিংগাইর থানার জামসা গ্রামের নজিমুদ্দিনের ছেলে আরিফ (৩৩), আশুলিয়ার কাঠগড়া মণ্ডলবাড়ির ইদ্রিস আলীর ছেলে সোহেল রানা (২৪) এবং একই জেলা থানার কাঠগড়া সিকদারবাড়ির মৃত ইয়ার বক্সের ছেলে ইয়াদ আলী (৬৫)। আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা।
পতেঙ্গায় ১৪০০ লিটার তেল জব্দ
চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত এক হাজার ৪০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্টগার্ড। গত সোমবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, পতেঙ্গা ৯ নং ঘাটসংলগ্ন এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় দু’টি ইঞ্জিন চালিত কাঠের বোটে তল্লাশি করে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত প্রায় এক লাখ ৬১ হাজার টাকা মূল্যের এক হাজার ৪০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়। এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা।
হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু
প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে জামালপুরের বকশীগঞ্জে ধান কাটতে গিয়ে সানোয়ার (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর দিলেমোড়ি এলাকায় তার মৃত্যু হয়। সানোয়ার উপজেলার রবিয়ারচর এলাকার মৃত কমেজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তার বাড়ির পাশে জমিতে বোরো ধান কাটার জন্য যান সানোয়ার । প্রচণ্ড গরমের মধ্যে সানোয়ার গাছের ছায়াতে জোড়াতে আসলে হঠাৎ হিটস্ট্রোক করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান সানোয়ার। বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা।
সুন্দরগঞ্জে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা (কদমতলী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো কদমতলীগ্রামের নিরাশা বাদিয়ার ছেলে সৃজন কুমার (৬) এবং বিধান চন্দ্র দাসের মেয়ে বৃন্দা রানী (৫)। স্থানীয়দের নিকট থেকে জানা যায়, বাড়ির পাশে খেলাধুলা ও গাছে থেকে জাম পাড়ার সময় অসাবধানতাবশত দুই শিশু স্থানীয় সবির মিয়ার পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা।



