সুনামগঞ্জ-৫ এ ঐক্যবদ্ধ বিএনপি

Printed Edition

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী তার মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধ অবস্থানে এসেছে বিএনপি। দলীয় প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের পে বিএনপি একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

গত মঙ্গলবার রাতে ছাতকের রাজাপুর জয়েন্ট কনভেনশন হলে ছাতক-দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও ছাতক পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক মতবিনিময় সভায় এ কথা জানানো হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় বিএনপি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রয়েছে। অতীতের মতো আগামীতেও দলের সব সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি ঐক্যের মাধ্যমেই পরিচালিত হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেন, দলের বৃহত্তর স্বার্থে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করে তিনি কলিম উদ্দিন আহমেদ মিলনের সমর্থনে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ। বক্তারা বলেন, কলিম ও মিজান দুইজনই পরস্পরের সহযোদ্ধা। তাদের মধ্যে কোনো দূরত্ব নেই। সবাই এক সাথে কাজ করলে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব।

সভা সঞ্চালনা করেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: আবু সুফিয়ান। সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শুরুর আগে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন কৃষকদল নেতা নুর উদ্দিন।