ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার এসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করে উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ধামরাই স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহিম ও মেডিক্যাল কর্মকর্তা ডা: শাওন। অভিযানে কাগজপত্র আপডেট না থাকা, নির্ধারিত সংখ্যক চিকিৎসক না থাকাসহ বিভিন্ন অভিযোগে ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, আইকন ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, আল মদিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।



