নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। গত রোববার সকাল ১১টায় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা, রোগীদের খাবারের মান, জনবল সঙ্কট এবং অ্যাম্বুলেন্স সেবার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। রোগীদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এমপি মাসুদ সাঈদী বলেন, জরুরি মুহূর্তে রোগীরা যেন দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা পান, তা নিশ্চিত করতে হবে। তিনি হাসপাতালে দালালচক্রের তৎপরতা রোধ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান ও পুষ্টিগুণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, হাসপাতালের চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



