ইরানে অবকাঠামোয় হামলার তীব্র বিরোধিতা ফ্রান্সের

Printed Edition
পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো
পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো

এএফপি

ইরানে অবকাঠামোয় হামলার তীব্র বিরোধিতা করছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এ কথা জানিয়েছেন। সম্প্রচারমাধ্যম ফ্রান্স ইনফোকে জ্যঁ-নোয়েল বারো বলেন, ‘আমরা বেসামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলার বিরোধিতা অব্যাহত রেখেছি, কারণ যুদ্ধের নিয়ম ও আন্তর্জাতিক আইনে এগুলো নিষিদ্ধ।’ তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হামলা প্রতিশোধমূলক উত্তেজনার একটি নতুন পর্ব শুরু করতে পারে। এর ফলে ওই অঞ্চল এবং বৈশ্বিক অর্থনীতি একটি উদ্বেগজনক দুষ্টচক্রের দিকে ধাবিত হবে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘নিজেদের স্বার্থের জায়গা থেকে আমরা ইতোমধ্যেই জ্বালানির দাম বাড়তে দেখছি। যদি ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়, তবে আমরা ইরানি শাসকদের কাছ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কা করতে পারি, যা বর্তমান উদ্বেগজনক পরিস্থিতিকে আরো খারাপ করবে।’

ফ্রান্স ও ইউরোপের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তারা এমন কোনো যুদ্ধে জড়াতে চায় না যা তারা বেছে নেয়নি। একইসাথে তারা এ ধরনের পরিস্থিতির পরিণতি সীমিত করার জন্য কাজ করছে এবং আঞ্চলিক দেশগুলোর নেতৃত্বে মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন দিচ্ছে। জ্যঁ-নোয়েল বারো আরো বলেন, ‘প্রথম দিন থেকেই আমরা ইসরাইলি-মার্কিন হস্তক্ষেপকে অনুমোদন করিনি, কারণ তাদের সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না এবং তারা আন্তর্জাতিক আইন থেকে বিচ্যুত হয়েছিল।’