জিয়াউর রহমান ছিলেন জাতির দিশারি : তথ্যমন্ত্রী

Printed Edition

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

‘জিয়াউর রহমান ছিলেন জাতির দিশারি ও তার বক্তৃতা ছিল জাতির জন্য এক আলোকবর্তিকা। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তান সামরিক বাহিনী থেকে বিদ্রোহ করে একতরফাভাবে যুদ্ধ ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতা ঘোষণার আগে জিয়াউর রহমান অন্যান্য সামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি নিজেই দায়িত্ব নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’ শনিবার সন্ধ্যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গৌরনদী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১৯৭১ সালের ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন রাজনীতিক মরহুম শেখ মুজিবুর রহমানের পক্ষে দ্বিতীয়বার স্বাধীনতা ঘোষণা দিয়ে জিয়া জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। ২৫ মার্চ শেখ মুজিব বন্দী হলেন এবং ১০ এপ্রিল তাজউদ্দীন বক্তৃতা করলেন। মাঝখানে এই সময়ে জিয়াউর রহমানের ঘোষণাই ছিল জাতির দিশারি ও জাতির জন্য এক আলোকবর্তিকা। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে একটি ব্যতিক্রমধর্মী নাম। তিনি কখনো চিন্তা করেননি যে, তিনি রাজনীতিবিদ হবেন। তিনি একজন পেশাদার সামরিক কর্মকর্তা ছিলেন। ব্যক্তিজীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। একদলীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে বহুদলীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবে তৈরি করার জন্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদের কথা চিন্তা করে ১৯৭৮ সালে জাতীয়তাবাদী সব নেতাকর্মীকে নিয়ে বিএনপির জন্ম দিয়েছিলেন। সেই দল আজ ক্ষমতায়।

উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মো: জাকির হোসেন শরীফ, সদস্যসচিব শফিকুর রহমান শরিফ স্বপন, জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, পৌর বিএনপির ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: কামরুজ্জামান খোকন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।