ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়িতে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ছেলের শ্বশুরের (বেয়াই) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ ছাফাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত লাকী আকতার (৩৯) ওই এলাকার আবদুল কাদেরের স্ত্রী এবং চার সন্তানের জননী। এমন পৈশাচিক ঘটনায় এলাকায় গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, ঘটনার দিন সন্ধ্যায় লাকী আকতার বিল থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে নির্জন স্থানে ওঁৎ পেতে থাকা ছাফা তার গতিরোধ করে। সেখানে ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দিতে লাকীকে গলা টিপে হত্যা করে লাশ বিলে ফেলে পালিয়ে যায় সে। রাতে স্থানীয়রা লাশ উদ্ধার করেন। গতকাল শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গ্রেফতার ছাফা খাগড়াছড়ির মানিকছড়ির বাসিন্দা হলেও কাঞ্চননগরে বসবাস করত। নিহতের পিতা আবুল বশর এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং স্থানীয়দের ধারণ করা ভিডিও ফুটেজে ছাফা ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে।



