বরিশাল ব্যুরো
বরিশাল প্রেস ক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইসমাইল হোসেন নেগাবান মন্টু গতকাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
শনিবার বাদ এশা নগরীর আমানতগঞ্জ টিভি হাসপাতাল মাঠে নামাজে জানাজা শেষে তাকে বরিশাল মুসলিম কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন- বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু।
এ দিকে নেগাবান মন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়াও শোক প্রকাশ করেছেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান হীরাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান দীর্ঘদিন ‘ডেইলি বাংলাদেশ অবজারভার’ পত্রিকার বরিশাল প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। একই সাথে বরিশাল আদালতের জিপি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।



