সিলেট ব্যুরো
সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে নাসিম হোসাইনের প্রতিষ্ঠানের কর্মীরাও রয়েছেন। তারাও ছিনতাইয়ে সম্পৃক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। গতকাল দুপুরে নিজেদের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ৯ জনকে গ্রেফতারের তথ্য জানায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ সুরমা শেখপাড়ার শাহেদ আহমদ (৪২), কমলগঞ্জের কামাল হোসেন (৩৫), কানাইঘাটের আদনান (৩৮) ও আবু তাহের (২৬), জকিগঞ্জের রুপায়ন বিশ্বাস (৪০), দক্ষিণ সুরমার রোমান আহমদ (৪৪), রাজনগরের সালমান আহমদ (২৮), বিশ্বনাথের গোলাম শহীদ (২৯) এবং কানাইঘাটের জুনায়েদ (২২)। গ্রেফতারকৃতদের মধ্যে- শাহেদ আহমদ (৪২) বিকাশের সিলেট অঞ্চলের সুপারভাইজার, আদনান (৩৮), আবু তাহের (২৬) ও রুপায়ন বিশ্বাস (৪০) ডিএসও।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাতনামা ডাকাতদের সাথে আঁতাত করে টাকাবাহী গাড়ির গতিবিধি সম্পর্কে অগ্রিম তথ্য সরবরাহের মাধ্যমে টাকা লুটের ঘটনায় বিকাশের কর্মীরা জড়িত থাকতে পারেন। এ ঘটনায় জড়িত সন্দেহে মোগলাবাজার থানা পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।



