ভারতের ওড়িষ্যায় হাসপাতালে অগ্নিকাণ্ড ১০ রোগীর মৃত্যু

Printed Edition

এনডিটিভি

ভারতের ওড়িষ্যা রাজ্যের কটক শহরে অবস্থিত এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের আইসিইউতে গতকাল সোমবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আইসিইউতে চিকিৎসাধীন ১০ জন রোগীর মৃত্যু হয়েছে এবং অন্তত ১১ জন হাসপাতাল কর্মী দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, রোগীদের জীবন বাঁচাতে গিয়েই এই কর্মীরা আহত হয়েছেন। সোমবার ভোররাত আড়াইটা থেকে তিনটার মধ্যে এই আগুনের সূত্রপাত হয়, যখন সেখানে আশঙ্কাজনক রোগীরা চিকিৎসাধীন ছিলেন। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ওড়িশার অন্যতম বড় সরকারি চিকিৎসা কেন্দ্র। অগ্নিকাণ্ডের পরপরই মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মাহালিং হাসপাতাল পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।