আনাদোলু
তাইওয়ানের কাছে অস্ত্র সরবরাহের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের সাতটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ওপর রফতানি বিধিনিষেধ আরোপ করেছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে দেয়া একটি সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। রফতানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত হওয়া এসব প্রতিষ্ঠানের মধ্যে বেলজিয়ামভিত্তিক আগ্নেয়াস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এফএন হারস্টাল এবং বিভিন্ন মহাকাশ গবেষণা ইনস্টিটিউট ও স্যাটেলাইট গোয়েন্দা সংস্থা রয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব কোম্পানিকে চীন থেকে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য আমদানিতে নিষিদ্ধ করা হয়েছে। দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য বলতে এমন সব সামগ্রীকে বোঝায়, যা বেসামরিক কাজের পাশাপাশি সামরিক কাজেও ব্যবহার করা সম্ভব।
মন্ত্রণালয় সব প্রতিষ্ঠানের নাম প্রকাশ না করলেও জানিয়েছে যে এই ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রিতে অংশ নিয়েছে অথবা তাইওয়ানের সাথে যোগসাজশ করেছে। তাই এসব ব্যবস্থা বিশেষভাবে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্যের ওপর দেয়া হয়েছে। তাইওয়ানকে চীন নিজের একটি বিচ্ছিন্ন প্রদেশ মনে করে এবং সেখানে আন্তর্জাতিক অস্ত্র বিক্রির বিরুদ্ধে বেইজিং বারবার প্রতিবাদ জানিয়ে আসছে। এর আগে তাইওয়ানে অস্ত্র পাঠানোর কারণে বেশ কিছু মার্কিন প্রতিষ্ঠান এবং তাদের কর্মকর্তাদের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছিল চীন। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজ কার্যকর করার ঠিক এক দিন পরই বেইজিং এ পদক্ষেপ নিল। উল্লেখ্য, যে ইইউর ওই প্যাকেজে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে কমপক্ষে একজন চীনা নাগরিক এবং ২৭টি মূল ভূখণ্ড ও হংকংভিত্তিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব ব্যবস্থা ঘোষণার আগেই দ্বিপাক্ষিক রফতানি নিয়ন্ত্রণ আলোচনা ব্যবস্থার মাধ্যমে চীন ইউরোপীয় ইউনিয়নকে সংশ্লিষ্ট পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছিল।



