রাজশাহী ব্যুরো
বিদ্যুৎ সাশ্রয়ী ও আধুনিক আলোকায়ন প্রযুক্তি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং সংশ্লিষ্ট একজন প্রকৌশলীকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছে সিগনিফাই বাংলাদেশ লিমিটেড।
রাসিক সূত্রে জানা গেছে, সম্ভাব্য এ সফরের মাধ্যমে উন্নত ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে, যা ভবিষ্যতে নগর অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থাপনা পরিকল্পনায় সহায়ক ভূমিকা রাখতে পারে।
সূত্রটি আরো জানায়, এ সফরের জন্য রাজশাহী সিটি করপোরেশন বা বাংলাদেশ সরকারের কোনো অর্থ ব্যয় হবে না। সফরের যাবতীয় ব্যয়ভার বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান সিগনিফাই বাংলাদেশ লিমিটেড।
এদিকে সম্প্রতি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তারা জানান, আমন্ত্রণকারী প্রতিষ্ঠানটি রাজশাহী সিটি করপোরেশনের কোনো চলমান বা পূর্ববর্তী প্রকল্পের সাথে সম্পৃক্ত নয়।
গুরুত্বপূর্ণ বিষয় হলো- সম্ভাব্য এ সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রয়োজনীয় সরকারি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে মাত্র। এ পর্যন্ত সরকার কর্তৃক কোনো অনুমোদন বা সরকারি আদেশ (জিও) জারি করা হয়নি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সরকারি অনুমোদন প্রাপ্তির পরই সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তাই রাসিক প্রশাসক নিশ্চিতভাবে ফ্রান্স সফরে যাচ্ছেন- এ ধরনের প্রচার বাস্তব পরিস্থিতির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।
নগর উন্নয়ন, বিদ্যুৎ সাশ্রয় এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের লক্ষ্যে এ ধরনের আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।



