চট্টগ্রামে এনসিপির ২২ নেতার পদত্যাগ

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন ২২ নেতাকর্মী। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক ও সদস্য।

গতকাল শুক্রবার বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন বর্তমান কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ। এর আগে বৃহস্পতিবার মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক ও আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

পদত্যাগ করা নেতাদের অভিযোগ, নতুন কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি।

সহ-সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করা হুজ্জাতুল ইসলাম বলেন, আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা নিয়ে এনসিপির রাজনীতির সাথে যুক্ত হয়েছিলাম। কিন্তু রাজপথে যারা ছিল তাদের মূল্যায়ন করা হয়নি। আমরা কেন্দ্রের কাছে অভিযোগ জানিয়েছি। আগামীকাল তারা কমিটির বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।

পদত্যাগ করা নেতারা হলেন- সৈয়দ এহছানুল হক (যুগ্ম আহ্বায়ক), কামরুল কায়েস (যুগ্ম আহ্বায়ক), মো: সোহরাব চৌধুরী (যুগ্ম সদস্যসচিব), হামিদুল ইসলাম (যুগ্ম সদস্যসচিব), বদিউল আলম (যুগ্ম সদস্যসচিব), মোহাম্মদ সরোয়ার আলম (যুগ্ম সদস্যসচিব), ইকবাল মাসুদ (যুগ্ম সদস্যসচিব), রকিবুল ইসলাম (সিনিয়র সাংগঠনিক সম্পাদক), ডা: মাহতাব উদ্দিন আহমদ (সহ-সাংগঠনিক সম্পাদক), হুজ্জাতুল ইসলাম সাঈদ (সহ-সাংগঠনিক সম্পাদক), সাদমানুর রহমান চৌধুরী (সহ-সাংগঠনিক সম্পাদক) প্রমুখ।