পাঁচ ম্যাচ পর জয় জ্যোতিদের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

শুধু কথাতেই যেন সিদ্ধ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কথার সাথে সাংঘর্ষিক মাঠের খেলা। জিততেই যেন ভুলে গিয়েছিল টাইগ্রেসরা। সিলেট থেকে এডিনবার্গ ভেনু বদলালেও নিগার সুলতানা জ্যোতিরা পাচ্ছিল না কোনো সুখবর। অবশেষে টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের মুখ দেখল জ্যোতির দল।

জানুয়ারি-ফেব্রুয়ারিতে নেপালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে সাত ম্যাচের সাতটিতে জিতে মূলপর্বের টিকিট কাটে বাংলাদেশ। এরপরই ছন্দপতন। সিলেটে শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ সামনে রেখে স্কটল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক স্কটিশ ও ডাচদের বিপক্ষে ৮ উইকেট ও ৮ রানে হারে জ্যোতির দল। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশ এডিনবার্গে দ্বিতীয় সাক্ষাতে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে।

১৫৩ রানের লক্ষ্যে স্কটল্যান্ড নামার পর বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা কোণঠাসা হয়ে পড়ে। একপর্যায়ে স্কটিশদের স্কোর হয়ে যায় ১৫.২ ওভারে ৬ উইকেটে ৯৩ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা স্কটল্যান্ড ১৯ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায়। যার মধ্যে ৬ রানে শেষ ৪ উইকেট হারায় স্কটিশরা। অলরাউন্ডার রিতু মণি ২ ওভারে ১২ রানে নিয়েছেন ৪ উইকেট। দু’টি করে উইকেট পেয়েছেন মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা। রাবেয়া খান, সোবহানা মোস্তারি একটি করে উইকেট।

এডিনবার্গে স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে বাংলাদেশ। অধিনায়ক জ্যোতির ৫৮ রান বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ। ৪৭ বলের ইনিংসে ছিল ৬ চার ও ১ ছক্কা। বাংলাদেশের ৪০ রানের জয়ে অধিনায়ক জ্যোতি হয়েছেন ম্যাচসেরা।

জুন-জুলাইয়ে ইংল্যান্ডে হবে ২০২৬ টি-২০ বিশ্বকাপ। তার আগে এডিনবার্গে চলমান ত্রিদেশীয় টি-২০ সিরিজ বাংলাদেশের জন্য কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার পূর্ব প্রস্তুতি বলা চলে। আজ বিকেল ৬টায় নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে এক নম্বর গ্রুপে থাকা বাংলাদেশ গ্রুপ পর্বে খেলবে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।