মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

সেলাঙ্গরে ৬৫ অবৈধ বাংলাদেশী আটক

Printed Edition

মালয়েশিয়া প্রতিনিধি

কলিং ভিসা খুলতে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল ইসলাম এখন কুয়ালালামপুরে অবস্থান করছেন। স্থানীয় সময় বুধবার রাতে কুয়ালালামপুরে পৌঁছান তিনি।

তবে মন্ত্রীর সফরের বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। তার সফর, বৈঠক, শ্রমবাজার উন্মুক্তকরণ : সাংবাদিকদের প্রেস ব্রিফিং ইত্যাদি বিষয়ে কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের ফাস্ট সেক্রেটারি (প্রেস উইং) মো: তরিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কিছুই জানানো হয়নি, জানতে পারলে আপনাদের অবহিত করা হবে।

এ দিকে মালয়েশিয়ার সেলাঙ্গর অঙ্গরাজ্যের বালাকং এবং শাহ আলম শিল্প এলাকার দু’টি কারখানায় যৌথ অভিযান চালিয়ে ১৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এরমধ্যে ৬৫ জনই বাংলাদেশী। এছাড়া মিয়ানমারের ১৭ জন, পাকিস্তানের ১৮ জন, নেপালের ১৫ জন, ইন্দোনেশিয়ার ১১ জন এবং ভারত, চীন ও ভিয়েতনামের কয়েকজন নাগরিক রয়েছেন। আটকদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে এবং তাদের অধিকাংশই পুরুষ।

স্থানীয় সময় বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, আটকদের বিরুদ্ধে বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বর্তমানে আটক সবাইকে পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য অভিবাসন আটক কেন্দ্রে (ডিপো) পাঠানো হয়েছে।