মৃদু ভূমিকম্প তিস্তাপাড়ে

Printed Edition

নীলফামারী প্রতিনিধি

দেশের উত্তরের জনপদ নীলফামারী সহ তিস্তা নদী এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পনে ক্ষয় ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

রংপুর বিভাগীয় আবহাওয়া, রাডার ও ভূ-কম্পন পর্যবেণাগারের কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ভূমিকম্পনের উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের আলুপাড়ায় । যার রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী সড়কের বাসিন্দা ফিরোজ (৪৫) জানান, ভূকিম্পের ধাক্কাটা মৃদু ছিল। তবে ঘরের আসবাবপত্রগুলো কেঁপে উঠে। কম্পনের স্থায়ীত্ব ছিল ১০ থেকে ১৫ সেকেন্ডের মতো। জেলা ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী তিস্তা নদীর এলাকার কেল্লাটারির রফিকুল ইসলাম জানান, এলাকার তিস্তাপাড়ের মানুষজন চর ও জমিতে উঠতি ভুট্টা ফসল ঘরে তুলতে ব্যস্ত। এ সময় মাটি কেঁপে উঠে। অনেকে মাটি কাঁপা দেখে মাটিতে শুয়ে পড়ে। তবে অল্প সময়ে কম্পন থেমে যায়।

তিস্তাপাড়ের ছোটখাতা এলাকার আরিফ হোসেন জানান, প্রথমে ভেবেছিলাম আমার মাথা ঘুরতেছে। পরে দেখলাম না ভূমিকম্প হচ্ছে। যারা ঘরের ভেতর ছিলেন তারা ঘরের আসবাপত্র কেঁপে উঠায় ঘর থেকে বের হয়ে তিস্তার ডানতীর বাঁধে উঠে এসেছিল।

তিস্তাপাড়ের ডালিয়া এলাকার জেলে আবু বক্কর জানান, ভুমি কম্পন হয়েছে এটি বুঝতে পেরেছি। তবে খুব বেশী ঝাঁকুনি মনে হয়নি।