ইরানে ১০ বিদেশী চর গ্রেফতার

Printed Edition

এএফপি

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে ১০ জন ‘বিদেশী গুপ্তচর’কে গ্রেফতার করার কথা জানিয়েছে ইরানের শক্তিশালী সামরিক শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশের আইআরজিসি গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির আধাসরকারি সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, ধৃত ব্যক্তিদের ‘ভাড়াটে ও বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যায়িত করেছে ইরানি কর্তৃপক্ষ। তবে গ্রেফতারকৃতদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য বিবৃতিতে প্রকাশ করা হয়নি। বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার মধ্যে চারজন ইরানের ‘সংবেদনশীল স্থাপনা এবং অর্থনৈতিক পরিকাঠামো’সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের কাজে লিপ্ত ছিলেন। বাকি সদস্যরা একটি ‘রাজতন্ত্রী সন্ত্রাসী গোষ্ঠীর’ সাথে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে এবং বিদেশী গোয়েন্দা তৎপরতা নসাৎ করতে আইআরজিসি তাদের নজরদারি কয়েক গুণ বাড়িয়েছে।