নয়া দিগন্ত ডেস্ক
বগুড়ায় পূর্বশত্রুতার জেরে এক ছাত্রদল নেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহে এক যুবকের মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। অপর দিকে যশোরের নিখোঁজ ভ্যানচালকের লাশ পাওয়া গেছে বাঁওড়ে।
বগুড়ায় ছাত্রদল নেতা খুন
বগুড়া অফিস জানায়, বগুড়ায় প্রতিপরে ছুরিকাঘাতে আতিকুর রহমান সাগর (৩৫) নামে এক সাবেক ছাত্রদল নেতা খুন হয়েছেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাগর পাঁচবাড়িয়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ছিলেন। জানা গেছে, মাদক কেনাবেচা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে গত বুধবার দিবাগত রাতে আতিকুর রহমানের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহে মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জে দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে মাটিচাপা অবস্থায় এক যুবকের মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রথমে ঘটনাস্থলে মানুষের একটি বিচ্ছিন্ন মাথা দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ কয়েক ঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে কয়েক ফুট গভীর থেকে মাথাবিহীন লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত বুধবার বিকেলে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের অম্বিকাগঞ্জ কলেজ মাঠসংলগ্ন এলাকায় লাশের সন্ধান পাওয়া যায়। রাত পৌনে ৯টার দিকে উদ্ধার অভিযান শেষে লাশটি মাটি থেকে তোলা হয়। নিহত যুবকের নাম সোহেল মিয়া (২৬)। তিনি পরানগঞ্জ ইউনিয়নের মীরকান্দাপাড়া গ্রামের নূরুল ইসলাম ও জুলেখা বেগমের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়। জীবিকার তাগিদে গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্বজনদের ভাষ্য, গত ১৬ জুলাই রাত ৮টার দিকে সোহেল বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। বুধবার সকালে তার বাবা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির কয়েক ঘণ্টার মধ্যেই আসে ছেলের লাশ উদ্ধারের খবর।
বাঁওড়ে মিলল ভ্যানচালকের লাশ
মনিরামপুর (যশোর) সংবাদদাতা জানান, যশোরের মনিরামপুরে নিখোঁজের দুই দিন পর মহাসিন মোল্যা (২৪) নামে এক ইঞ্জিনচালিত ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মহাসিন মোল্যা উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের জাহেদ মোল্যার ছেলে, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন।
পুলিশ ও স্বজনদের ধারণা, দুর্বৃত্তরা হত্যার পর তার ইঞ্জিনচালিত ভ্যান ও সাথে থাকা দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে লাশ বাঁওড়ে ফেলে দেয়। পরে লাশ ভেসে এসে রামপুর ঘাটের একটি বাঁশঝাড়ে আটকে যায়। তবে হত্যাকাণ্ডের বিষয়টি এখনো নিশ্চিত করেনি পুলিশ।



