হাওরের ফসল ক্ষয়ক্ষতি হলে কাউকে ছাড় নয় : এমপি কামরুল

Printed Edition

তৌহিদ চৌধুরী প্রদীপ সুনামগঞ্জ

সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। গত শুক্রবার বিকেলে তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরের বাঁধ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

বাঁধের কাজ ঘুরে দেখার সময় কৃষকদের কাছ থেকে নানা অনিয়মের অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য। তিনি বলেন, আমি হাওর এলাকার সন্তান, সব আমার চেনা আছে। টাকা দিয়ে পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) বিক্রি ও বাঁধের কাজে দুর্নীতি হচ্ছে। এসব অনিয়ম বন্ধ করুন, নতুবা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি আরো উল্লেখ করেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজশে অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, জনগণের আমানত রক্ষায় তিনি বদ্ধপরিকর।

পরিদর্শনকালে সংসদ সদস্য আলমখালি বাঁধসহ বেশ কিছু ঝুঁঁকিপূর্ণ স্থান দেখেন। তিনি দ্রুত সময়ের মধ্যে বাঁধে জিওব্যাগ, চাটাই ও বাঁশ মজুত রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এমপি কামরুল বলেন, সুনামগঞ্জের বোরো ফসল দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। এ একমাত্র ফসল ঘরে তোলা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।