ডাকসু নিয়ে আপত্তিকর মন্তব্যে বরগুনার জামায়াত নেতাকে অব্যাহতি

Printed Edition

বরগুনা জেলা প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বিতর্কিত ও অবমাননাকর মন্তব্যের জেরে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো: শামীম আহসানকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসাথে তার দলীয় সদস্য (রুকন) পদও স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মো: মহিবুল্লাহ হারুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় প্যাডে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বরগুনা-২ আসনের নির্বাচনী প্রচারণায় গিয়ে শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তার সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সাধারণ মানুষ মর্মাহত হয়েছেন এবং দলের ভাবমর্যাদা মারাত্মকভাবে ক্ষুণœ হয়েছে।

এ ধরনের আচরণ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের পরিপন্থী হওয়ায় জেলা কর্মপরিষদ তাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি পাথরঘাটা উপজেলার কাটাখালীতে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেয়ার সময় শামীম আহসান ডাকসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

এ ছাড়া তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগও জমা পড়ে।

সামগ্রিক দিক বিবেচনা করে দল তাকে স্থায়ীভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।