কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
রমজান শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। কিন্তু গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাজারগুলোতে নিত্যপণ্যের দাম ইতোমধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। স্থানীয়রা জানাচ্ছেন, খেজুর, তরমুজ, শসা, লেবুসহ বেশ কয়েকটি পণ্যের দাম হঠাৎ করে বেড়ে গেছে। ক্রেতারা অভিযোগ করেছেন, প্রশাসনের তদারকির অভাবের কারণে বাজারে লাগামহীন অবস্থা সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলছেন, কয়েকজন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজারে মাল সরবরাহ ও দামের উপর নিয়ন্ত্রণ রেখে সাধারণ মানুষকে অতিরিক্ত খরচ করতে বাধ্য করছেন। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও দাম কমানো সম্ভব হচ্ছে না। ক্রেতারা আশা করছেন, নতুন সরকার ও প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং সিন্ডিকেট ভেঙে দিবে।
উপজেলার বিভিন্ন বাজারে সরেজমিন দেখা গেছে, দাম উঠেছে ৩০-৪০ শতাংশ। বাজার ঘুরে দেখা যায়, খেজুরের দাম প্রতি কেজিতে ৪০০-৫০০ টাকা, তরমুজ ৫০-৬০ টাকা, শসা ৫০-৭০ টাকা এবং লেবুর দাম ১০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। স্থানীয় ক্রেতারা বলছেন, রমজান মাসে এমন পরিস্থিতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার এ টি এম কামরুল ইসলাম জানিয়েছেন, ‘রমজানের আগে বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সবরকম চেষ্টা করছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও মনিটরিং শিগগিরই শুরু হবে।



